জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সাথে ইউজিসি’র বৈঠক
ছয় কেন্দ্রকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আহবান
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোকে ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাগ করে দেয়ার পরিবর্তে কয়েকটি আঞ্চলিক কেন্দ্রের অধীনে রেখে পরিচালনা করতে হবে। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিকে এসব অঞ্চলে ভাগ করে দিতে হবে। সরকারের সার্বিক সহায়তায় এই ৬টি কেন্দ্রকে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে। সম্প্রতি জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সাথে অনুষ্ঠিত বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মোঃ নজরুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কমিশনে এ মত তুলে ধরেন।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় জমি এবং আর্থিক সহযোগিতা প্রয়োজন বলে মত দিয়েছেন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কাজী শহীদুল¬াহ। বৈঠকে ইউজিসির চেয়ারম্যান উচ্চ শিক্ষার মানোন্নয়নে ৫০টি বিষয় তুলে ধরেন। বৈঠকে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি ছাড়াও কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠকে উচ্চ শিক্ষার মানোন্নয়নে পাবলিক বিশ্ববিদ্যালয় আরো শক্তিশালী করা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, অধ্যাপকদের পদ মর্যাদা নিয়ে আলোচনা হয়। ইউজিসির চেয়ারম্যান বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আউটার ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এগুলোর বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। যে সব প্রতিষ্ঠান ও সংস্থা শিক্ষা নিয়ে কাজ করে তাদের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে সম্প্রতি ইউজিসির সাথে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।